images

দেশজুড়ে

বৈশাখের আগে মঠবাড়িয়ার বাজারে ইলিশের সংকট, দাম আকাশছোঁয়া

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ১১:৪১ পিএম

পহেলা বৈশাখকে ঘিরে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইলিশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে। চাহিদা বেড়ে যাওয়া এবং সরবরাহ কম থাকায় প্রতি কেজি বড় ইলিশ বিক্রি হচ্ছে ৪০০০-৪৫০০ টাকায়।

সোমবার (১৩ এপ্রিল) মঠবাড়িয়া উপজেলার মাছের বাজারসহ বিভিন্ন মাছের আড়ত ঘুরে দেখা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলার বলেশ্বর নদীপাড়ের মাছের আড়তগুলোতে ইলিশের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

আড়তদাররা জানান, দাম বৃদ্ধির কারণ নদীতে পর্যাপ্ত পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না। এ কারণে এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০০০ থেকে ৪৫০০ টাকায়। সে হিসেবে প্রতি মণ ইলিশের দাম দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার টাকায়।

অন্যদিকে ৪০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২৫০০ থেকে ২৮০০ টাকায়।

আরও পড়ুন
Web-Image---Copy

পিরোজপুরে ভুয়া ডাক্তার ও ক্লিনিক মালিকের জেল-জরিমানা

মঠবাড়িয়ার খুচরা ব্যবসায়ীরা জানান, এ সময় ইলিশের চাহিদা বেড়ে গেলেও সরবরাহ তুলনামূলকভাবে অনেক কম। এর অন্যতম কারণ হিসেবে নদীতে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞাকে দায়ী করছেন তারা।

ইলিশ কিনতে আসা ক্রেতা মিজানুর রহমান বলেন, ইলিশের দাম দেখে অবাক হয়ে গেছি। মনে হচ্ছে স্বর্ণের চেয়েও বেশি দাম। কম দামে চাইলে বিক্রেতারা বলছেন, ওই দামে ইলিশের আঁশও পাওয়া যাবে না।

মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া মৎস্য আড়তের ব্যবসায়ী কামাল মির জানান, ইলিশের সংকটের পাশাপাশি নববর্ষকে ঘিরে চাহিদা অনেক বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। প্রতি বছরই এ সময় ইলিশের দাম বাড়ে।

আরটিভি/এমএইচজে