মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১২:৫২ পিএম
মাদারীপুরের ডাসার উপজেলায় মাঝরাতে নারকেল গাছের চূড়ায় উঠে এক যুবক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। সোমবার (১৩ এপ্রিল) ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারহান তালুকদার (১৮) নামের ওই যুবক অস্বাভাবিক আচরণ করতে থাকেন এবং একপর্যায়ে তিনি একটি নারকেল গাছে উঠে পড়েন। পরে তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. খোকন জমাদ্দারের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রায় এক ঘণ্টার চেষ্টার পর ফায়ার সার্ভিস সদস্যরা তাকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুবকটি ওই সময় অস্বাভাবিক আচরণ করছিলেন। তবে কী কারণে তিনি গাছে উঠেছিলেন, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, এলাকাবাসীর খবরের ভিত্তিতে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে যুবকটির আচরণের কারণ এখনো জানা যায়নি।
ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
আরটিভি/এসকে