বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৮:৪৭ এএম
বরিশালে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করে পুলিশ।
আটক মো. জামাল হোসেন ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় একজন কৃষক।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজা গাছ লাগিয়েছিলেন জামাল হোসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরটিভি/আইএম