images

দেশজুড়ে

করলা চুরি করায় স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০১:৪৮ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় করলা চুরির অভিযোগ ওঠার পর এক নারীকে তার স্বামী গাছে বেঁধে লাঠিপেটা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৪ এপ্রিল) দাঁতভাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, স্থানীয় কৃষক ফরহাদ হোসেনের জমি থেকে করলা তোলার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি করলাভর্তি বস্তা উদ্ধার করা হয়।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, ওই নারীর পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হলে সকাল আনুমানিক ৯টার দিকে তার স্বামী বদিয়া মিয়া ঘটনাস্থলে এসে স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে পেটান।

ভিডিওতে দেখা যায়, দড়ি দিয়ে ওই গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় তার স্বামী বারবার লাঠি দিয়ে তাকে পেটাচ্ছেন। এক পর্যায়ে পাশে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ ওই নারীর স্বামীকে বলেন, তুই সঠিক বিচার করবি।

তবে নির্যাতনের যন্ত্রণায় গৃহবধূ চিৎকার করলেও তাকে উদ্ধার করতে কেউ এগিয়ে যায়নি। বরং অনেকেই দাঁড়িয়ে পুরো ঘটনাটির ভিডিও করছিলেন।

এ বিষয়ে জমির মালিক ফরহাদ হোসেন বলেন, আমার জমি থেকে প্রায়ই করলা চুরি হচ্ছিল। তাই আগে থেকেই নজর রাখছিলাম। সকালে তাকে এক বস্তা করলাসহ ওই নারীকে ধরে ফেলি। পরে তার স্বামীকে খবর দিলে তিনি এসে মারধর করেন।

আরও পড়ুন
Web-Image---Copy

করলা চুরি করায় স্ত্রীকে গাছে বেঁধে পেটালেন স্বামী

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন বলেন, এক নারীকে করলাসহ আটক করা হয়েছিল। পরে তার স্বামী এসে তাকে শাসন করে বাড়িতে নিয়ে যান। তবে মারধরের বিষয়টি অনাকাঙ্ক্ষিত।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ঘটনার ভিডিও দেখেছি। এভাবে কাউকে গাছে বেঁধে মারধর করা সম্পূর্ণ বে আইনি। কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে