images

দেশজুড়ে

জুলাই-একাত্তরকে মুখোমুখি করে যুবকের বিতর্কিত কবিতা

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৬:১০ পিএম

হবিগঞ্জের মাধবপুরে জুলাই আন্দোলন ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে মুখোমুখি করে একটি বিতর্কিত কবিতা লিখে আলোচনায় এসেছেন বাবু আহমেদ নামের এক যুবক। তার এ লেখাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি কবিতা পোস্ট করেন তিনি। কবিতাটিতে ২৪ জুলাইয়ের আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও রাজাকার, ‘ইনকিলাব’ এবং ‘জয় বাংলা’ স্লোগানকে পরস্পরের বিপরীতে উপস্থাপন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে কবিতাটি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে, বাবু আহমেদের এই কবিতা দেখে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কবি ভিন্নভাবে লেখার আহ্বান জানিয়ে বিকল্প একটি কবিতা তুলে ধরেন। 

আরও পড়ুন
Web-Image---Copy

একই মঞ্চে বিএনপি-জামায়াত-আ.লীগ, পান্তা-ইলিশে মিলনের বার্তা

স্থানীয় সূত্রে জানা গেছে, কবিতাটি অপসারণের জন্য তাকে চাপ দেওয়া হলেও তিনি তা সরিয়ে নেননি। 

বাবু আহমেদের বাড়ি উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের পূর্বহাটি মহল্লায়। তিনি স্থানীয় একটি যুব সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

এ বিষয়ে বাবু আহমেদ বলেন, বর্তমান সরকার আমাদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে। আমি কাউকে ছোট করিনি, আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। স্বাধীনভাবে লিখতে না পারলে বেঁচে থাকার অর্থ কি?

এদিকে, স্থানীয় যুবদল নেতা ও দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি আনোয়ার হোসেন বেলাল বলেন, এটি একটি মত প্রকাশের বিষয়। এটি নিয়ে আলোচনা-সমালোচনা হতে পারে, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়।

অন্যদিকে, মাধবপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরাস উদ্দিন বলেন, স্পর্শকাতর বিষয়গুলো এভাবে উপস্থাপন করা ঠিক হয়নি। সম্ভবত ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলছেন, আবার কেউ বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন পাগলামি বলে মন্তব্য করছেন।

আরটিভি/এমএম