images

দেশজুড়ে

খালে পড়েছিল প্রবাসীর স্ত্রীর ক্ষতবিক্ষত মরদেহ, ঘটনা কী

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৬:১৬ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নিখোঁজের আট দিন পর এক প্রবাসীর স্ত্রীর মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকার শিকলবাহা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাসিনা আক্তার (৩২) কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার বাসিন্দা মফিজুর রহমানের মেয়ে। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী মোহাম্মদ হাসান দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত রয়েছেন। 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যার পর লাশটি খালে ফেলে দেওয়া হয়েছে। পরে স্রোতের টানে তা কৈয়গ্রাম এলাকায় এসে ভেসে ওঠে।

পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ এপ্রিল চিকিৎসার জন্য চট্টগ্রাম শহরে যাওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন হাসিনা। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে খালের পানিতে ভাসমান মরদেহ দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।

নিহতের চাচাত ভাই মোহাম্মদ রফিক বলেন, আমরা দীর্ঘদিন খোঁজ করেছি, কিন্তু কোনো তথ্য পাইনি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

স্থানীয়রা জানান, খালে লাশ ভাসতে দেখে প্রথমে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার করে। “শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে,” যোগ করেন তিনি।

পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে এবং দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও পড়ুন
Auto_Cumilla015

কুমিল্লায় কাভার্ডভ্যান–সিএনজি মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বুধবার দুপুরে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি/এসকে