বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১১:০৪ এএম
ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ার একাধিক মামলার আসামি ‘শীর্ষ সন্ত্রাসী’ হিমেল মীরকে গ্রেপ্তার করেছে র্যাব-৪ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ সিপিসি-২, সাভার ক্যাম্প।
এর আগে, বুধবার (১৫ এপ্রিল) তাকে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হিমেল মীর (২৬) জামগড়া (মীর বাড়ী) এলাকার জামান মীরের ছেলে।
র্যাব সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ আসামি হিমেল মীর তার ক্যাডার বাহিনীর সহযোগিতায় আশুলিয়ার বিভিন্ন এলাকাতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। বিশেষ করে আন্তঃজেলায় বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ, দেশি ও বিদেশি অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই, চাঁদাবাজি এবং চাঁদার টাকা না পেলে মারধরসহ শারীরিক নির্যাতন চালাতো তারা।
এ ছাড়া তারা প্রাণে মারার হুমকি প্রদান করা ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি, বিভিন্ন এলাকায় বাড়ি-ঘর চিহ্নিত করে ডাকাতি, বিভিন্ন মহাসড়ক, আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক, গার্মেন্টস পণ্যবাহী কাভার্ডভ্যানে ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানাসহ বিভিন্ন থানাতে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/আইএম