images

দেশজুড়ে

পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকার বেশি

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০২:৪৫ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ, যা ৪৮ হাজার ৪৫০ টাকায় বিক্রি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৭টায় দৌলতদিয়ার রেজাউল মণ্ডলের আড়ৎ থেকে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়েছে। দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

এর আগে সকাল ৬টার দিকে ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীতে জেলে সুব্রত হালদারের জালে মাছটি ধরা পড়ে। জানা গেছে, ভোরে জেলে সুব্রত হালদার তার সহযোগীদের নিয়ে দৌলতদিয়ার দিকে ৫ ও ৬ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে পদ্মা নদীতে জাল ফেলেন। সকাল ৬টার দিকে জালে ধাক্কা লাগে। জাল তুলে তিনি দেখতে পান, বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

পরে দৌলতদিয়া বাজারের রেজাউল মণ্ডলের আড়তে এনে ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন ২৫ কেজি ৫০০ গ্রাম। ওই আড়ৎ থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী মো. চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বড় কাতল মাছের চাহিদা রয়েছে। এ জন্য বেশি দাম দিয়ে মাছটি কিনে মোবাইলে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক শিল্পপতির কাছে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে ৪৮ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করেছি। ক্রেতার ঠিকানায় বিশেষ ব্যবস্থায় মাছটি পাঠিয়েও দিয়েছি।

আরটিভি/টিআর