বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৩:০৪ পিএম
মানিকগঞ্জের হরিরামপুরে শ্মশানঘাট থেকে মাথার খুলি চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি খুলি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ধুলশুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান হরিরামপুর থানার ওসি মুহাম্মদ আফজাল হোসেন।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪), বাবুরহাটি গ্রামের সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১) ও একই গ্রামের প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে ধূলশুড়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান থেকে খুলি চুরি হয়। এ ঘটনায় শ্মশানের সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার হরিরামপুর থানায় একটি মামলা করেন। মামলায় গ্রেপ্তার তিনজনের নামই উল্লেখ করা হয়েছিল। পরে ওই দিন বিকেলেই বোয়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হরিরামপুর থানার ওসি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ খুলি চুরির অভিযোগে মামলা করা হয়েছে।