images

দেশজুড়ে

কুমিল্লায় নদীপথে শীর্ষ চাঁদাবাজ জিয়াসহ গ্রেপ্তার ২

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৬:৩২ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিন ধরে নদীপথে চাঁদাবাজির সঙ্গে জড়িত শীর্ষ নৌ-চাঁদাবাজ জিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে চালিভাঙ্গা নৌ-পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জিয়া মেঘনা উপজেলার লক্ষণখোলা গ্রামের আনিস মিয়ার ছেলে।

আরও পড়ুন
Auto_Cumilla015

কুমিল্লায় কাভার্ডভ্যান–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বিগত সরকারের আমল থেকে জিয়া মেঘনা নদীর বটতলী থেকে কাঠালিয়া ব্রিজ পর্যন্ত এলাকায় বালুবাহী বাল্কহেড ও অন্যান্য নৌযান থেকে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন ও মারধর করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে, একই অভিযানে বাল্কহেডের চাঁদাবাজির অভিযোগে শফিক মিয়া (৩৬) নামের আরও এক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার ওলাস নগর নতুনহাটি গ্রামের রহম আলীর ছেলে।

শফিক মিয়া সুনামগঞ্জ ও সিলেট থেকে আসা বাল্কহেডগুলোকে একত্রিত করে চাঁদাবাজদের কাছে তাদের অবস্থান জানাতেন। মালিকদের কাছ থেকে শফিক প্রতিদিন ৫ থেকে ৬ হাজার টাকা করে চাঁদা সংগ্রহ করে চক্রের কাছে পৌঁছে দিতেন এবং নিজেও এর একটি অংশ পেতেন। 

চালিভাঙ্গা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আলমগীর হোসেন বলেন, নৌপথে কুমিল্লা অঞ্চলে চাঁদাবাজির অভিযোগে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। নদীপথ নিরাপদ রাখতে চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

আরটিভি/এমএম