images

দেশজুড়ে

হিলিতে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৯:৫১ পিএম

দিনাজপুরের হিলিতে মেলা দেখানোর কথা বলে নিয়ে গিয়ে ১৩ বছরের কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নুরুল হুদা (৪৪) নামের এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ এপ্রিল) রাতে হিলির খট্টামাধবপাড়ায় আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।

মামলা সূত্রে জানা যায়, পহেলা বৈশাখের দিন আসামি নুরুল হুদা দুই মেয়েকে সাইকেলে নিয়ে বিরামপুরের মির্জাপুরে মেলা দেখার কথা বলে খট্রামাধবপাড়া ইউনিয়নের উত্তর খট্রা (আদিবাসী পাড়া) এলাকায় নিয়ে যায়। সেখানে ভুট্টার ক্ষেতের আইলের পাশে সাইকেলসহ ছোট মেয়েকে রেখে মেজ মেয়ে (১৩) কে ভুট্টার ক্ষেতের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে।

আরও পড়ুন
emon

থানার ভেতরে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা

এ সময় ক্ষেতে কাজ করা কয়েকজন বিষয়টি টের পেয়ে তাকে চরথাপ্পড় মেরে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে মা বিষয়টি জানতে পেরে বুধবার (১৫ এপ্রিল) হাকিমপুর থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হাকিমপুর থানার মামলা নম্বর-২১।

এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ঘটনার পর থেকে নুরুলহুদা পলাতক ছিল। পরে বুধবার তার স্ত্রী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করলে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।  

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেইসঙ্গে মেয়ের জবানবন্দির জন্য তাকেও আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।