বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ১১:২৬ পিএম
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নের নিমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী ডাকাত দল কৃষক আলী হোসেনের বাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির তিনটি কাঠের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আলী হোসেন (৫৫)-এর গলায় ধারালো অস্ত্র ধরে এবং তার ছেলে সজিব (২৪)-কে রশি দিয়ে বেঁধে ফেলে। এ সময় আলী হোসেনের স্ত্রী রহিমা বেগম (৫০)-কে মারধর করে ডাকাতরা।
পরবর্তীতে ডাকাত দল ঘরের আলমারি ও আসবাবপত্র ভেঙে প্রায় দেড় ভরি সোনা, এক ভরি রূপা, নগদ ১৫ হাজার টাকা এবং ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট নিয়ে যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সজিব স্থানীয় একটি ব্যাংক থেকে ৮০ হাজার টাকা উত্তোলন করেছিলেন। ডাকাতরা ওই টাকার খোঁজে তাকে জিজ্ঞাসাবাদ করে।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন দত্ত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএম