শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৫:৫৭ পিএম
দেশের ৬৪ জেলার মধ্যে স্মার্টফোন ব্যবহারের হারে শীর্ষস্থান দখল করেছে কুমিল্লা। জেলায় স্মার্টফোন ব্যবহারকারীর হার ৯৩ দশমিক ৭ শতাংশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘তথ্যপ্রযুক্তি ব্যবহারের সুযোগ এবং ব্যক্তি ও খানা পর্যায়ে ব্যবহার ২০২৪-২৫’ শীর্ষক জরিপে এ তথ্য উঠে এসেছে। এ জরিপে প্রথমবারের মতো জেলাভিত্তিক তথ্য বিশদভাবে তুলে ধরা হয়েছে।
জরিপ অনুযায়ী, স্মার্টফোন ব্যবহারে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী, যেখানে ব্যবহারকারীর হার ৯০ দশমিক ৬ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা, এ জেলায় ৮৪ দশমিক ৭ শতাংশ মানুষ স্মার্টফোন ব্যবহার করেন। অন্যদিকে সবচেয়ে কম ব্যবহার লক্ষ্য করা গেছে পঞ্চগড় জেলায়—মাত্র ৫০ দশমিক ১ শতাংশ।
তবে স্মার্টফোন ব্যবহারে পিছিয়ে থাকলেও ইন্টারনেট ব্যবহারে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। এখানে ব্যক্তিপর্যায়ে ইন্টারনেট ব্যবহার ৬৬ শতাংশ, আর চট্টগ্রাম বিভাগে এই হার ৬৫ শতাংশ।
বিবিএসের তথ্যমতে, দেশের ৬১ দশমিক ৪ শতাংশ মানুষের নিজস্ব মোবাইল ফোন রয়েছে। এর মধ্যে পুরুষ ৭২ দশমিক ৩ শতাংশ এবং নারী ৫১ দশমিক ৪ শতাংশ। ব্যক্তিপর্যায়ে স্মার্টফোন ব্যবহার প্রায় ৩১ শতাংশ এবং দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করেন ৬৮ দশমিক ২ শতাংশ মানুষ।
কম্পিউটার ব্যবহারে এখনো পিছিয়ে দেশ। মাত্র ৭ দশমিক ৪ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করেন, আর নিজস্ব কম্পিউটার রয়েছে ৩ দশমিক ৭ শতাংশের। স্মার্টফোনের মালিকানা রয়েছে ২৭ দশমিক ৩ শতাংশ মানুষের।
মজার বিষয় হলো, দৈনন্দিন মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে নারীরা পুরুষদের চেয়ে কিছুটা এগিয়ে। একইসঙ্গে গ্রামাঞ্চলের তুলনায় শহরের মানুষ প্রযুক্তি ব্যবহারে বেশি সক্রিয়। স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে প্রায় ৩৫ শতাংশের বয়স ১৫ থেকে ৬৪ বছরের মধ্যে।
পরিবারভিত্তিক তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৯৭ দশমিক ৪ শতাংশ পরিবারে মোবাইল ফোন ব্যবহার হয়। পরিবারের ৫২ দশমিক ২ শতাংশে স্মার্টফোন রয়েছে। ল্যান্ডফোন প্রায় বিলুপ্তির পথে—মাত্র ০ দশমিক ৮ শতাংশ পরিবারে এর ব্যবহার রয়েছে। কম্পিউটার ব্যবহার হয় ৮ দশমিক ৭ শতাংশ পরিবারে এবং ইন্টারনেট ব্যবহার করে ৩৮ দশমিক ১ শতাংশ পরিবার।
ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণে দেখা গেছে, সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখা সবচেয়ে বড় কারণ—৬৪ শতাংশ ক্ষেত্রে এই উদ্দেশ্যে ইন্টারনেট ব্যবহার করা হয়। এছাড়া ৫০ শতাংশ মানুষ খেলাধুলার তথ্য জানতে ইন্টারনেট ব্যবহার করেন। অনলাইনে পণ্য বা সেবা কেনাকাটা করেন ১১ দশমিক ৬ শতাংশ ব্যবহারকারী।
ডিজিটাল দক্ষতার ক্ষেত্রেও কিছু ইতিবাচক চিত্র উঠে এসেছে। ৭৮ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারী জানিয়েছেন, সাইবার আক্রমণের মুখে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হয়েছেন। তবে ঝুঁকিও রয়েছে—৫০ দশমিক ৫ শতাংশ ব্যবহারকারীর মতে, ভাইরাস ও ম্যালওয়্যার সবচেয়ে বড় হুমকি।
এদিকে উচ্চমূল্যের কারণে ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট সেবা গ্রহণে অনাগ্রহী বলে জানিয়েছেন, যা ডিজিটাল অন্তর্ভুক্তির পথে বড় বাধা হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে, দেশে ইন্টারনেটের প্রসার ঘটলেও এর সুষম ব্যবহার, দক্ষতা বৃদ্ধি এবং সাশ্রয়ী সেবা নিশ্চিত করা এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।
আরটিভি/এমএইচজে
প্রধান সম্পাদক : সৈয়দ আশিক রহমান
বেঙ্গল মিডিয়া করপোরেশন লিমিটেড, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন : +৮৮০-২-৫৫০১৩৫১১-১৫
নিউজ রুম: +৮৮০-১৮৭৮১৮৪৩৬৯-৭০
ই-মেইল : news@rtvbd.tv
বিজ্ঞাপন : rtvdigitalad@gmail.com