images

দেশজুড়ে

নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ ৪ জন ধরা

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ১২:২০ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল ও একটি গাড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন। 

এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাশেদ (৩৮), গাড়িচালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image4

মেলায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় দুই ভাই, অতঃপর...

পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসি’র সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল উপজেলার খলিফার হাট এলাকায় অবস্থানকালে খবর পায়—চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। 

অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের আজ আদালতে সোপর্দ করা হবে।

আরটিভি/আইএম