শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০২:১৩ পিএম
পাবনায় গ্লুকোজ, জেলি ও কেমিকেল দিয়ে ভেজাল দুধ তৈরির অপরাধে ফারুক হোসেন (৪০) নামে এক ব্যবসায়ীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগারি গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ফারুক হোসেন একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গোপনে জেলি ও বিভিন্ন কেমিকেলের মাধ্যমে ভেজাল দুধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন ফারুক হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরির উপকরণ উদ্ধার করা হয়।
এ সময় ২০০ লিটার ভেজাল জেলি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে জব্দ করা এসব উপকরণ জনসম্মুখে ধ্বংসের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫০ ধারায় অভিযুক্তকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/এমএস