images

দেশজুড়ে

জুয়াড়ি ধরতে ছদ্মবেশে ফেরিতে নৌ পুলিশের অভিযান, অতঃপর...

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৯:৩১ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরিতে জুয়া খেলার নামে সাধারণ যাত্রীদের সর্বস্ব লুটে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে নৌ পুলিশ। 

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে মাঝপদ্মায় ‘শাহপরাণ’ নামক ফেরিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন, শিবালয় উপজেলার তেঘুরী গ্রামের মো. আকাশ (২৩), মো. রাসেল মুন্সি (৩৩), রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলার বাহিরচর দৌলতদিয়া এলাকার জহির ওরফে জহু ফকির (৪২) ও মো. বাবু ফকির (৩৫)।

আরও পড়ুন
sdfgsdg

সিলেটের যেসব এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে

নৌ পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়া ৩ নম্বর ঘাট থেকে পাটুরিয়াগামী শাহপরাণ ফেরিতে একটি সংঘবদ্ধ চক্র ‘তিন তাস’ খেলার প্রলোভন দেখিয়ে যাত্রীদের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নিচ্ছে, এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। 

খবর পেয়ে ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুনের নির্দেশে পাটুরিয়া নৌ থানা ও দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি যৌথ দল বিশেষ অভিযানে নামে। সাধারণ যাত্রীর ছদ্মবেশে পুলিশ সদস্যরা ফেরিতে উঠে ওই চক্রটিকে শনাক্ত করেন।

পাটুরিয়া নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক কেএম নজরুল ইসলাম (পিপিএম) এবং দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ত্রিনাথ সাহার নেতৃত্বে এসআই গোলাম সরোয়ার, এসআই ইয়াকুব হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ চারজন পেশাদার জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তাদের আরও দুই সহযোগী যাত্রীদের ভিড়ে মিশে পালিয়ে যায়।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌপথকে যাত্রীদের জন্য নিরাপদ রাখতে এবং এ ধরনের প্রতারক চক্র নির্মূল করতে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এমআই