images

দেশজুড়ে

পদ্মার কাতলা ও পাঙাশ ৫৯ হাজার টাকায় বিক্রি

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০১:৫৬ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়েছে বড় আকারের কাতলা ও পাঙাশ মাছ। এই দুই মাছ স্থানীয় বাজারে বিক্রি হয়েছে ৫৯ হাজার টাকায়।

রোববার (১৯ এপ্রিল) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে ২৫ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়। উন্মুক্ত নিলামে কেজি প্রতি ১ হাজার ৭০০ টাকা দরে মাছটি বিক্রি করা হয়।

মাছ ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে জেলে ঠান্ডু হালদার ও তার সহযোগীরা পদ্মা নদীতে জাল ফেললে বড় আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া বাজারের একটি আড়তে নিয়ে ওজন করে বিক্রির জন্য তোলা হয়। 

নিলামে মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। তিনি বলেন, এত বড় কাতলা মাছ সচরাচর পাওয়া যায় না। সামান্য লাভে দেশের বিভিন্ন স্থানে বিক্রির চেষ্টা করছি।

আরও পড়ুন
Web-Image

পদ্মার এক কাতল বিক্রি হলো ৬৮ হাজারে

অন্যদিকে একই দিনে রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়ে ১২ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। মাছটি কেজিপ্রতি ১ হাজার ৪০০ টাকা দরে মোট ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

জেলে বিপুল হালদার জানান, পদ্মা নদীতে এখন বড় পাঙাশ খুব কম পাওয়া যায়। অনেকদিন পর এমন বড় মাছ পেয়েছি, এতে আমরা সবাই খুশি।

মাছটি স্থানীয় আড়তে নিয়ে গেলে ব্যবসায়ী গৌতম হালদার তা কিনে নেন। তিনি বলেন, কিছু লাভ রেখে মাছটি বিক্রির চেষ্টা করব।

স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, পদ্মা নদীতে বড় আকৃতির মাছ আগের তুলনায় কম ধরা পড়লেও মাঝে মাঝে এমন বড় মাছ বাজারে এলে তা উচ্চ দামে বিক্রি হয় এবং ক্রেতাদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা যায়।

আরটিভি/এমএ