সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৩:৫৬ পিএম
রাজশাহীর ঝলমলিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরকারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাজার কমিটি ও স্থানীয় বাসিন্দারা।
রোববার (২০ এপ্রিল) বেলা সাড়ে ১০টার দিকে ঝলমলিয়া বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বাজারের ব্যবসায়ী, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সেলিম সরকারের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন ব্যবসায়ী নেতার ওপর এ ধরনের হামলা পুরো ব্যবসায়ী সমাজের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি জানান।
এদিকে, এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
আরটিভি/এমএম