বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৯:২৫ এএম
চাঁদপুরে অভিযান চালিয়ে একটি অবৈধ পলিথিন উৎপাদন কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে একটি টিনশেড গুদামে অবৈধভাবে পলিথিন উৎপাদন কারখানার সন্ধান পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন স্বর্ণখোলা রোডে হরিজন সম্প্রদায়ের আবাসনের পাশে টিনশেড গুদামটি ভাড়া নিয়ে সেখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পলিথিন উৎপাদন করে চাঁদপুরসহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছিল। অভিযানকালে কারখানা থেকে ১ হাজার ৭৭৪ কেজি পলিথিন ও পলি প্রোপিলিন (পিপি) দানা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটি সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।
এ বিষয়ে চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, একটি বড় শেড ভাড়া নিয়ে সেখানে অবৈধভাবে পলিথিন তৈরি করা হচ্ছিল। আমরা প্রস্তুত পলিথিন ও কাঁচামাল জব্দ করে কারখানাটি সিলগালা করেছি।
তিনি আরও বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/আইএম