বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০২:১৪ পিএম
মাদকমুক্ত পুলিশ বাহিনী গঠনের চলমান অভিযানের মধ্যেই বরিশালের উজিরপুর মডেল থানার তিন কনস্টেবলের ডোপ টেস্টের ফলাফল পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে।
ডোপ টেস্ট পজিটিভ হওয়া কনস্টেবলরা হলেন— আরিফ হোসেন, মেহেদী ও আতাউর।
জানা গেছে, পুলিশের সব সদস্যকে পর্যায়ক্রমে ডোপ টেস্টের আওতায় আনার অংশ হিসেবে গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর থানার পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। এতে তিন কনস্টেবলের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ে। পরবর্তীতে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়।
আরও জানা গেছে, ওই তিনজনকে পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে। সেখানকার পরীক্ষাতেও একই রিপোর্ট এলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবং উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাটি অস্বীকার করেছেন।
তবে বরিশাল জেলা পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান দুজনের ফলাফল পজিটিভ পাওয়ার তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পুলিশের ডোপ টেস্ট একটি চলমান প্রক্রিয়া। এটি আগেও হয়েছে, এখনও হচ্ছে। ফলাফল পজিটিভ পাওয়া পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএইচজে