images

দেশজুড়ে

আরটিভিতে নিউজের পর বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০২:২২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মাদককাণ্ড নিয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) আরটিভিতে একটি প্রতিবেদন প্রচারিত হয়। পরে রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২২ এপ্রিল) সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের মৃত নাঈম আলী মোল্লার ছেলে দাদন মিয়া (৩৮) ও নাটোর সদর উপজেলার জলিল মিয়ার ছেলে শিহাব উদ্দিন (২২)।

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার খাড়াজোড়া এলাকার মারিয়া খাবারের হোটেলসহ বিভিন্ন হোটেলে মাদক কেনাবেচা হয়ে আসছিল। এ নিয়ে মঙ্গলবার দিনব্যাপী আরটিভিতে মাদক বিক্রির প্রতিবেদন প্রচার হয়। বিষয়টি র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে রূপগঞ্জের পূর্বাচর র‌্যাব ক্যাম্প-১ এর চৌকশ টিম মঙ্গলবার রাতে ওই হোটেলে অভিযান চালিয়ে অল্প পরিমাণ মাদক উদ্ধার করে।

আরও পড়ুন
Web-Image15

নদীতে ঝাঁপ দিয়েও হলো না রক্ষা, পুলিশের জালে ধরা আসামি 

এরপর আসামির তথ্য অনুযায়ী, উপজেলার হরতকিতলা ভাইকিং পাম্পের পেছনে আলেয়া আক্তারের সিকদার মহলের ভাড়া বাসার খাটের নিচের প্লাস্টিকের তিনটি বস্তার ভেতর থেকে ৭০ কেজি ৭শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ ১৫ হাজার টাকা। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে র‌্যাব সদস্যরা মাদকসহ দুই আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, মাদক মামলায় আসামিদেরকে গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/আইএম