বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০:১১ এএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এসএসসি পরীক্ষার প্রথম দিনে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহের ঘটনায় সচিবসহ ১১ জন পর্যবেক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার এ ঘটনা ঘটে। কেন্দ্রটিতে ভুল প্রশ্নে ১৭৭ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয় বলে জানা গেছে।
বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে কেন্দ্রসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের মহাপরিচালকের কাছে এ সুপারিশ করেন তিনি।
এছাড়া, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত আরেকটি চিঠিতে ১১ জন শিক্ষককে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়। সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এসব তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া শিক্ষকেরা হলেন-
কাঁচপুর ওমর আলী উচ্চবিদ্যালয়ের শিউলী আক্তার, সোনার বাংলা উচ্চবিদ্যালয়ের ফারজানা হোসেন স্বপ্না, পঞ্চমী ঘাট উচ্চবিদ্যালয়ের মনোয়ারা বেগম, রওনক আরা বেগম, আনিসুর রহমান, মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজের ছানোয়ার বেগম, জামপুর মাঝেরচর উচ্চবিদ্যালয়ের আব্দুল হামিদ, সোনারগাঁ আইডিয়াল স্কুলের সুমাইয়া আক্তার, ছায়েদা খাতুন ইসলামিক দাখিল মাদ্রাসার মোশারফ হোসেন, আলী আকবর হাই স্কুল অ্যান্ড কলেজের বদরুন নাহার ইভা ও সাদিপুর উচ্চবিদ্যালয়ের মনিরুজ্জামান।
গত মঙ্গলবার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অংশ নেয় সিনহা উচ্চ বিদ্যালয়, দবরউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। এ প্রশ্নেই নিয়মিত শিক্ষার্থীরা ১ ঘণ্টা ২৫ মিনিট পরীক্ষা দেয়। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের হস্তক্ষেপে (১২৫ মিনিট) নতুন প্রশ্নপত্রে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এ জন্য পরীক্ষার্থীদের ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়। ওই দিন বিকেলেই কেন্দ্রসচিবকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আসিফ আল জিনাত জানান, ইতিমধ্যে কেন্দ্রসচিবকে অব্যাহতি দিয়ে তাঁর পরিবর্তে নতুন কেন্দ্রসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের চিঠির পরিপ্রেক্ষিতে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরটিভি/টিআর