বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১১:৫৯ এএম
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে।
স্থানীয়রা জানায়, প্রায় তিন বছর আগে তাদের একমাত্র বোনও একই পুকুরে ডুবে মারা যায়।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার আটাপুরের মাঝিনা লোহার গ্রামে এ ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হল- ওই গ্রামের এনামুল হকের বড় ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হোসেন আলী (১২) এবং ছোট ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রহমত আলী (১০)।
ওসি জানান, বুধবার বিকেলে স্কুল থেকে ফিরে দুই ভাই গ্রামের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে, পাশ্ববর্তী পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মিঠু সরকার বলেন, দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান গণমাধ্যমকে জানান, মাঝিনা গ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/টিআর