বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১০:০৯ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি তুলার গুদামে আগুন লেগে গুদামসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বায়তুল আমান জামে মসজিদসংলগ্ন মো. শফিউল আলম শফির তুলার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে কাজ করার সময় হঠাৎই তুলার মেশিনে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে থাকা তুলার বস্তায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তুলার গোডাউনসহ তিনটি দোকানঘর ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শফিউল আলম শফি বলেন, বেশ কয়েকটি এনজিও সংস্থা থেকে সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে সাত লাখ টাকার ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। কিন্তু মুহূর্তের আগুনে তুলার গোডাউনসহ সব মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। এখন সাপ্তাহিক ও মাসিক কিস্তিতে নেওয়া ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মতিন্দ্র লাল ত্রিপুরা জানান, ঘটনাস্থলের আশপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে গিয়ে তাদের হিমশিম খেতে হয়েছে। ৫০০ ফুট দূরের একটি পুকুর থেকে পানি এনে আগুন নির্বাপণের কাজ করেছেন তারা।
এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। এতে আশপাশে থাকা অর্ধকোটি টাকার দোকানপাট ও মালামাল রক্ষা করা সম্ভব হলেও আগুনে তুলার গোডাউন এবং গোডাউনের পাশে থাকা কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন স্টেশন লিডার মতিন্দ্র লাল ত্রিপুরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আরটিভি/এমআই