images

দেশজুড়ে

চাঁদপুরের ইলিশের নামে অনলাইনে প্রতারণা, অতঃপর...

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ১১:৩০ পিএম

ফেসবুকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’সহ বিভিন্ন মুখরোচক নামে পেজ খুলে কম দামে ইলিশ বিক্রির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী এক সক্রিয় প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ। 

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে নড়াইল সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর থানার মির্জাপুর গ্রামের মো. আকাশ শেখ (২০), মো. ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের লিমন শেখ (২১) ও মো. লিমন মোল্যা (২২)।

​পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ এবং ‘অনলাইন পণ্য বিক্রয়’ নামক ছদ্মনামী ফেসবুক পেজ পরিচালনা করে আসছিল। এসব পেজে তারা চাঁদপুরের আসল ইলিশ নামমাত্র মূল্যে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ ক্রেতাদের প্রলুব্ধ করত। বিশ্বাস অর্জনের পর ক্রেতাদের কাছ থেকে অগ্রিম টাকা (বিকাশ বা নগদে) হাতিয়ে নিয়ে তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত।

সম্প্রতি এক ভুক্তভোগী নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নিকট এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপারের নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ছায়া তদন্ত শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় ইউনিটের ইনচার্জ জনাব মো. আব্দুল খালেকের তত্ত্বাবধানে এসআই জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস এবং ডিবি পুলিশের এসআই সাব্বির শেখের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জব্দকৃত সরঞ্জাম

গ্রেপ্তারের সময় আসামিদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০৮টি মোবাইল ফোন, ভুয়া নামে নিবন্ধিত ১৩টি সিম কার্ড এবং টাকা লেনদেনের ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অসংখ্য মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
fgregtrrt

মেয়েকে যৌন নিপীড়ন, সৎ বাবা কারাগারে

​পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন জানান, অনলাইন কেনাকাটায় সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে এবং জেলা পুলিশ এ ধরনের সাইবার অপরাধীদের দমনে আপসহীনভাবে কাজ করে যাবে।

আরটিভি/এসএস