শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৯:৩৪ পিএম
সিলেটের বিশ্বনাথে নিখোঁজের পাঁচদিন পর রাজমিনা বেগম (২২) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাউপুর গ্রামের একটি পুকুর পাড়ের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজমিনা বেগম ওই গ্রামের কৃষক রশিদ আলীর মেয়ে।
জানা গেছে, গত ২১ এপ্রিল দুপুর থেকে রাজমিনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারদিকে খোঁজাখুঁজি করে পরদিন থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা রশিদ আলী। শনিবার কাউপুর গ্রামের মারফত আলী বাড়ির পেছনে পুকুরপাড়ের জঙ্গলে মুর্তা (পাটিবেত) কাটতে যায়। সেখানে দুর্গন্ধ পেয়ে বাউন্ডারি দেয়ালের কাছে গেলে গাছে ঝুলন্ত অবস্থায় রাজমিনার অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি পুলিশকে খবর দেন।
ইউপি সদস্য আফিজ আলী গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার মেয়েটি নিখোঁজ হয়। পরে থানায় জিডি করে তার পরিবার। আজ অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
আরটিভি/এমএইচজে