images

দেশজুড়ে

কিস্তির টাকার জন্য তলপেটে লাথির অভিযোগ, হাসপাতালে অন্তঃসত্ত্বা

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৬:০৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খাইরুন বেগম (৩৫) নামে চার মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে চুল ধরে কিলঘুষি ও তলপেটে লাথি মারার অভিযোগ উঠেছে এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই অন্তঃস্বত্ত্বা নারী কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) হাসপাতালের শয্যা থেকে গৃহবধূ খাইরুন বেগম জানান, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কুয়েতে পাড়ি জমান তার স্বামী নজির মোল্লা। বিদেশে গিয়ে যুদ্ধ পরিস্থিতিসহ নানা সংকটে তার স্বামী আর টাকা পাঠাতে না পারায় তিনি কিস্তি পরিশোধ করতে পারেননি। শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য তাদের বাড়িতে যান ধানখালী কোডেক শাখার ব্যবস্থাপক মনিরসহ আরও দুই নারী কর্মী।

এ সময় ঘরে অর্থ না থাকায় টাকা দিতে ব্যর্থ হলে তারা তাকে চুল ধরে কিলঘুষি দেন এবং তলপেটে লাথি মারেন। খবর পেয়ে বাড়ির লোকজন এবং স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।

এদিকে খবর নিয়ে জানা যায়, খাইরুন বেগম দুই কিস্তিতে দুই হাজার টাকা পরিশোধ করেছেন। এখনও ৩৮ হাজার টাকা তার কাছে পাওনা রয়েছে এনজিও কোডেকের।

তবে, মারধরের পুরো বিষয়টি অস্বীকার করেছেন কোডেকের ধানখালী শাখার ব্যবস্থাপক মো. মনির হোসেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএস