রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৭:২৪ পিএম
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজে মারামারির ঘটনায় আলোচিত নারী আলেয়া খাতুন হীরাকে শিক্ষক হিসেবে প্রচার করা হলেও তিনি আসলে শিক্ষক নন বলে জানা গেছে। তিনি আসলে এমপিও ডেমোনেস্ট্রেটর বা প্রদর্শক।
এদিকে আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে দাওকান্দি সরকারি কলেজ পরিদর্শন শেষে রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেখানে শিক্ষক প্রতিনিধি পরিষদ আছে তারা বিষয়টি তদন্ত করে জানাবে।
তিনি বলেন, অধ্যক্ষ এবং প্রদর্শক হীরার কাছে জবাব চাওয়া হয়েছে। আলেয়া খাতুন হীরা আসলে সরকারি কর্মকর্তা নয়। সে শিক্ষক হবে এমন সম্ভাবনাও কম। সে আসলে এমপিও ডেমোনেস্ট্রেটর বা ল্যাবরেটরির প্রদর্শক।
এর আগে বৃহস্পতিবার আলেয়া খাতুন হীরার সঙ্গে স্থানীয় এক বিএনপি নেতার হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি নজরে আসার পর তদন্ত শুরু করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
আরটিভি/এমএইচজে