সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৮:৫৯ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা-তেমনিয়া থেকে মাধবপুরগামী প্রধান এলজিইডি সড়কে পানি জমে সৃষ্টি হয়েছে ভয়াবহ ঝুঁকি। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়ে পানিতে ভরে এখন মরণফাঁদে পরিণত হয়েছে, যেখানে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এর মধ্যে গঙ্গানগর মসজিদের পূর্ব পাশে সড়কের ওপর সৃষ্টি হওয়া একটি বড় গর্ত এলাকাবাসীর জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, শুধু আজকের দিনেই ওই গর্তে পড়ে অন্তত ১০ থেকে ১২টি দুর্ঘটনা ঘটেছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় ধীরে ধীরে বড় গর্তের সৃষ্টি হয়। বৃষ্টির সময় গর্তগুলো পানিতে ঢেকে থাকায় চালকরা তা বুঝতে না পেরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এতে মোটরসাইকেল, সিএনজি ও ছোট যানবাহনের যাত্রীরা বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন।
শুধু গঙ্গানগর নয়, মনতলা পূর্ব বাজার ও হালুয়াপাড়া এলাকাতেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে পল্লি চিকিৎসক বাবুল মিয়া বলেন, প্রতিদিনই এই গর্তের কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। আজকে একদিনেই ১০-১২টি দুর্ঘটনার রোগী আমি নিজে দেখেছি। বেশিরভাগই মোটরসাইকেল ও অটোরিকশাচালক। দ্রুত ব্যবস্থা না নিলে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মাধবপুরের এলজিইডি প্রকৌশলী রেজাউন্নবী বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবো এবং প্রয়োজনীয় সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে এলাকাবাসী মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত সড়কটি মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
আরটিভি/এমএইচজে