images

দেশজুড়ে

পার্সেল খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১০:৩৪ এএম

কুষ্টিয়া সদরের লাহিনী বটতলা এলাকায় প্যাকেটে মোড়ানো একটি পার্সেল খুলতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় নাসির শেখ (৫০) নামে এক ভ্যানচালক আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নাসির শেখ লাহিনী বটতলা এলাকার কর্মকারপাড়ার বাসিন্দা বাহের শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দুইজন অপরিচিত ব্যক্তি নাসির শেখের ভ্যান ভাড়া করে একটি পার্সেল লাহিনী জোয়ার্দারপাড়ার বাসিন্দা হামিদুল ইসলামের বাড়িতে পৌঁছে দিতে বলেন। নিজেদের গাড়িচালক পরিচয় দিয়ে তারা হামিদুল ইসলামের পরিচিত বলে দাবি করেন।

পরে নাসির শেখ পার্সেলটি নিয়ে হামিদুল ইসলামের বাড়িতে গেলে তিনি সেটি গ্রহণ করতে অস্বীকৃতি জানান। এরপর নাসির পার্সেলটি নিয়ে আবার লাহিনী বটতলা এলাকায় ফিরে এসে ওই দুই ব্যক্তিকে খুঁজে পাননি। একপর্যায়ে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে পার্সেলটি খুলতে গেলে ভেতরে একটি কাঠের বাক্স দেখতে পান। বাক্সটি খোলার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এতে নাসির শেখ গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন।

আরও পড়ুন
RUSSEL-VIPER

বিপদে পড়া রাসেল ভাইপারকে বাঁচাতে গিয়ে সাপের কামড়ে আহত যুবক

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হোসেন ইমাম জানান, বিস্ফোরণে নাসিরের কোমরের নিচে আঘাত লেগেছে, তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এ ঘটনায় বাংলাদেশ পুলিশ-এর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

আরটিভি/এসকে