মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১১:৫২ এএম
নরসিংদীর রায়পুরায় আলোচিত মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার আসামি জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে আটক করে রায়পুরা থানা-পুলিশ। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান।
গ্রেপ্তারকৃত জুনায়েদ আহমদ উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং প্রতিষ্ঠানটির মুহতামিম। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
ভুক্তভোগীর মা জানান, দুই মাস আগে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর-কলাবাড়িয়ার জান্নাতুল বুশরা বালিকা মাদরাসায় ভুক্তভোগী ওই ছাত্রী ও তার ছোট ভাইকে ভর্তি করানো হয়। সেখানে আবাসিকে থেকে পড়াশোনা করছিলেন তিনি। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ২টায় ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমদ। ঘটনার পর দিন সকালে অসুস্থতা বোধ করলে ওই ছাত্রী তার খালার বাসায় চলে যান। সেখানে তার অসুস্থতার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত ওই ছাত্রী তার খালাকে জানান। পরে বিষয়টি ওই ছাত্রীর মা-বাবাকে ফোনে জানান হয়।
পরে, রোববার (২৬ এপ্রিল) এ ঘটনায় জড়িত শিক্ষক জুনায়েদের বিরুদ্ধে রায়পুরা থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রীর মা।
এদিকে, গ্রেপ্তারের আগে ফেসবুকে জুনায়েদ তার আইডিতে এ ঘটনাকে মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
আরটিভি/টিআর