মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১২:৩৩ পিএম
সিলেটের গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরে খেলার মাঠ ও স্থানীয়দের রেকর্ডীয় জমি রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। এতে কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ প্রতাপপুর এলাকায় এ মানবন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, দক্ষিণ প্রতাপপুর মৌজার প্রায় ১৬ একর রেকর্ডীয় জমি অবৈধভাবে বালুমহালের অন্তর্ভুক্ত করা হয়েছে। ‘হাজীপুর বালুমহাল’ নামে ইজারা দেওয়া হলেও প্রকৃতপক্ষে হাজীপুর এলাকায় কোনো বালু নেই বলে দাবি করেন তারা। বরং উদ্দেশ্যমূলকভাবে দক্ষিণ ও উত্তর প্রতাপপুর এলাকার বসতভিটা ও আবাদি জমিকে বালুমহাল হিসেবে ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে, এ নিয়ে আমাদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।
বক্তারা আরও জানান, সরকার যাদের ইজারা দিয়েছে তারা এখনো জমির দখল বুঝে না পেলেও একটি প্রভাবশালী চক্র ইতোমধ্যে ‘বালু খেকো’ হিসেবে মাঠে নেমেছে এবং দখল প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে।
এই অবৈধ বালু পরিবহনের ফলে এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, রোববার রাতে যানজটে আটকা পড়ে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পেরে একজন চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শামছুল হক, শ্রী ময়না দেবনাথ, কাদির মৌলভী, শ্রী নিরঞ্জন নাথ, ফখর উদ্দিন, আব্দুল মতিন, আবু বক্কর, ইমতাজুর রহমান প্রমুখ।
সমাবেশ থেকে এলাকাবাসী অবিলম্বে রেকর্ডীয় জমি ও খেলার মাঠকে বালুমহালের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান। অন্যথায় নিজেদের ঘরবাড়ি ও অস্তিত্ব রক্ষায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে রাতের আঁধারে বালু লুটপাটকারী চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।
আরটিভি/এমএম