মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৩:০২ পিএম
কক্সবাজারের সদরে বজ্রপাতে এক লবণ চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
রমিজ উদ্দিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের উত্তর পালাকাটা এলাকার অছিউর রহমানের ছেলে। তিনি পেশায় লবণ চাষি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি ছমিউদ্দিন বলেন, সকাল থেকে কক্সবাজারের সদরের বিভিন্ন এলাকায় দমকা হাওয়ার সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে চৌফলদন্ডী ইউনিয়নের মাঝেরঘাট ব্রিজসংলগ্ন এলাকার লবণ মাঠে রমিজ উদ্দিনসহ শ্রমিকরা কাজ করছিলেন। বৃষ্টির মধ্যে তিনি লবণের মাঠ থেকে উঠে মাঝেরঘাট ব্রিজের ওপর যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে ওসি বলেন, স্থানীয়দের মাধ্যমে বজ্রপাতে রমিজ উদ্দিন নামে কৃষকের নিহতের খবর জানতে পারি। ঘটনাস্থলে পাঠিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, কক্সবাজারে সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং অল্প বৃষ্টিপাত হয়েছে। কক্সবাজারকে ৩ নাম্বার সর্তক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
আরটিভি/এমএম