মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৪:০৩ পিএম
মানিকগঞ্জে কোর্টগুলোর খালি পদ পূরণের চেষ্টা করব বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খান রিতা। তিনি বলেছেন, মানিকগঞ্জে ২৯টি কোর্ট আছে, এখানে অনেক কোর্টে পদ খালি রয়েছে। আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই শূন্যস্থান পূরণের চেষ্টা করব।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় মানিকগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গণে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০০০ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গরিব, দুস্থ ও অসহায় মানুষের জন্য এই লিগ্যাল এইড সংস্থা গঠন করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংস্থাটিকে অধিদপ্তরে রূপান্তর করেছেন। জনগণের সুবিধার জন্য লিগ্যাল এইডকে অধিদপ্তরে পরিণত করা হয়েছে। দরিদ্র ও অসহায় মানুষকে আইনি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, মানিকগঞ্জে ২৯টি কোর্ট আছে, এখানে অনেক কোর্টে পদ খালি রয়েছে। আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এই শূন্যস্থান পূরণের চেষ্টা করব। মানিকগঞ্জে প্রায় ১৮ লাখ মানুষের বসবাস করে। এই ১৮ লাখ মানুষকে সেবা দিতে হলে অধিক জনবল লাগবে। আমি আশা করি, আগামীতে সেই লোকবলের ব্যবস্থা করা হবে।
এর আগে, জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে জেলা লিগ্যাল এইড, মানিকগঞ্জের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। “সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মন্ত্রী আফরোজা খান রিতা দিবসটির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ এস. কে. এম. তোফায়েল হাসান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরটিভি/টিআর