মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৫:২২ পিএম
গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে পাঁচজন এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজার (জাবের স্পিনিং মিলের সামনে) এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলো— উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া (নতুন বাজার) গ্রামের মজনু মিয়ার ছেলে জাহিদ হাসান (১৬), উজ্জল মিয়ার ছেলে আবির (১৬), জহুর আলীর ছেলে সজিব (১৬), লুৎফর রহমানের ছেলে আহাদ (১৬) এবং হারুন-অর রশীদের ছেলে পাপ্পু (১৬)। আহত শিক্ষার্থীরা এমসি বাজার এলাকার হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছে। তাদের পরীক্ষা কেন্দ্র শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার আলহাজ্ব ধনাই বেপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।
আহত জাহিদ হাসানের বাবা মজনু মিয়া জানান, সকালে তারা পাঁচজন একটি অটোরিকশাযোগে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল। পথে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে পাঁচজন আহত হয়। গুরুতর আহত পাপ্পু ও আহাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজনকে মাওনা চৌরাস্তা আলহেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কেন্দ্রে পাঠানো হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, খবর পেয়ে মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। গুরুতর আহত দুই পরীক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় পরীক্ষার্থী দুর্ঘটনার বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভুঁইয়া বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজন এসএসসি পরীক্ষার্থীর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে তাদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/এমএইচজে