বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৯:০৬ এএম
সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, রহস্যজনক মৃত্যু ও ক্যাম্পে দুর্ঘটনাসহ একাধিক ঘটনায় একদিনে কক্সবাজার জেলায় ৮ জনের প্রাণহানি হয়েছে। পৃথক এসব ঘটনায় এলাকায় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
শহরে রেস্টুরেন্ট কর্মীর মরদেহ উদ্ধার:
কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি রেস্টুরেন্টের স্টাফ কোয়ার্টার থেকে সাইফুল ইসলাম সুমন (৪২) নামে এক কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কলাতলীর ‘শালিক রেস্টুরেন্ট’-এর স্টোর ম্যানেজার ছিলেন।
মঙ্গলবার রাত ১২টার দিকে সহকর্মীরা তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর রুমমেট শামসুল আলম জানান, রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তিনি সুমনকে অচেতন অবস্থায় দেখতে পান।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, এটি স্ট্রোকজনিত মৃত্যু নাকি অন্য কোনো কারণ—তা নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।
এনজিওর গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩–এ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় ক্ষুব্ধ রোহিঙ্গারা গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
উখিয়া থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, ঘটনার পর গাড়িচালক পালিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১:
চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি চন্দনাইশে কর্মরত একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২:
টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মোক্তার হোসেন (৪৮) নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আহত পথচারী কিশোর রকুমুল্লাও মারা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি রাস্তা পার হওয়া কিশোরকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বজ্রপাতে লবণশ্রমিকের মৃত্যু:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নে বজ্রপাতে রমিজ উদ্দীন (৪৫) নামে এক লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সেতুর ওপর বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৃদ্ধের আত্মহত্যা:
ঈদগাঁও উপজেলার জাগিরপাড়া এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে নুরুল হক (৮০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
বাস–কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১:
চকরিয়ার মালুমঘাট এলাকায় বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে মো. ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
পৃথক এসব অপমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা বলছেন, সড়কে বেপরোয়া যান চলাচল, নিরাপত্তা ঘাটতি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সচেতনতার অভাবে এমন প্রাণহানির ঘটনা বাড়ছে।
আরটিভি/টিআর