images

দেশজুড়ে

ক্লাস চলাকালে বজ্রপাত, অতঃপর...

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০১:৩১ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ক্লাস চলাকালীন আকস্মিক বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও রাত পর্যন্ত পাঁচজন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয় ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পৃথকভাবে এ ঘটনা ঘটে।

দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে ক্লাস চলাকালীন হঠাৎ বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয় ভবনের ওপর বজ্রপাত হলে শ্রেণিকক্ষে থাকা সাতজন ছাত্রী বিকট শব্দে আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাদের দ্রুত উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন, অষ্টম শ্রেণির ফাতেমা বেগম দোলা, আমেনা আক্তার, সুমাইয়া ও মীম আক্তার; সপ্তম শ্রেণির জান্নাত এবং নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার। হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে দুইজন বাড়ি ফিরলেও পাঁচজন এখনো চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে একই সময়ে পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বজ্রপাত হলে সেখানে থাকা আটজন শিক্ষার্থী আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে তারা সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে অভিভাবকদের ডেকে শিক্ষার্থীদের তাদের কাছে হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজামুল হক।

আরও পড়ুন
HOPITAL

বরিশালে হাসপাতালের বেডে শুয়েই অশ্লীলতা দুই সমকামী তরুণীর, অতঃপর...

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমরানুর রহমান জানান, বজ্রপাতের শব্দে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা জানিয়েছে, সকল শিক্ষার্থী এখন শঙ্কামুক্ত রয়েছে।

আরটিভি/এসকে