images

দেশজুড়ে

মাদারীপুরে ৪২২ বস্তা সরকারি চালসহ ট্রাক জব্দ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ০৪:৪৭ পিএম

মাদারীপুরের ডাসার উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডি (VGD) কর্মসূচির বিপুল পরিমাণ চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গাব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৪২২ বস্তা চালবোঝাই ট্রাকটি আটক করা হয়।

অভিযান শেষে ট্রাকটি ডাসার থানা হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির এই চাল সাধারণ চালের চেয়ে ভিন্ন। দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি নিশ্চিত করতে এতে বিশেষভাবে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান সংযোজন করা হয়। এই চাল খোলা বাজারে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ এবং বাণিজ্যিকভাবে এর উৎপাদন বা বিপণন প্রচলিত নয়।

আরও পড়ুন
Web-Image---Copy

পুলিশ বক্সের সামনেই সোনা লুট, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে বহিষ্কার

এদিকে জব্দ করা চালের মালিকানা দাবি করেছেন মুন্সী রাইস মিলের স্বত্বাধিকারী আহাদ মুন্সী। তিনি জানান, তার চালকল গোপালগঞ্জে অবস্থিত এবং সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া চাল পরিবহন করা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এত বিপুল পরিমাণ সরকারি চাল একজন ব্যক্তির কাছে কীভাবে গেল, তা তদন্ত করে দেখা জরুরি। দরিদ্রদের প্রাপ্য কেউ আত্মসাৎ করলে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা জানান, সরকারি চালসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএইচজে