বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৬:৫০ পিএম
মানিকগঞ্জ সদরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে ৮ জন নারীসহ ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৪ ও জেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার এবং র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর এসকে এম সাদমান।
আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে রোগীদের টার্গেট করত। তারা উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যেত।
অভিযানে ধরা পড়া একাধিক দালাল স্বীকার করেন, রোগী নিয়ে গেলে তারা কমিশন পেতেন। কেউ কেউ প্রতিটি রোগীর জন্য ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত পেতেন বলে জানান। আবার একজন নারী সদস্য জানান, তিনি নির্দিষ্ট বেতনে কাজ করলেও রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করাতে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাওয়াই ছিল তার দায়িত্ব।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার বলেন, দীর্ঘদিন ধরে হাসপাতালকেন্দ্রিক দালালদের বিরুদ্ধে অভিযোগ আসছিল। র্যাব ও সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় যৌথ অভিযানে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে। আটকরা অভিযোগ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সাজা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরটিভি/টিআর