images

দেশজুড়ে

পরিমাপে তেল কম দেওয়া ফিলিং স্টেশনকে জরিমানা

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৯:০৭ পিএম

মানিকগঞ্জ সদরের জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। এ সময় র‍্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সদর উপজেলার মিতরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মিলন’স ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযানে ডিজেল পরিমাপ করে দেখা যায়, প্রতি ৫ লিটারে প্রায় ২১০ থেকে ২৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। এ ধরনের প্রতারণা থেকে বিরত থাকতে প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভোক্তাদের কাছ থেকে এমন অভিযোগ আসছিল। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর