শুক্রবার, ০১ মে ২০২৬ , ১১:০৩ এএম
বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই নারী নিজে বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলা করেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা।
মামলার আসামিরা হলেন মুলাদী উপজেলার চরলক্ষ্মীপুর গ্রামের মৃত জব্বার ব্যাপারীর ছেলে হালিম ব্যাপারী (৬০) ও মৃত সুয়াজেল খন্দকারের ছেলে মাসুদ খন্দকার (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হালিম ব্যাপারী ওই বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় অশ্লীল অঙ্গভঙ্গি করতেন এবং তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে বিচার চান ভুক্তভোগী। এতে ক্ষিপ্ত হয়ে হালিম ব্যাপারী তাকে দেখে নেয়ার হুমকি দেন।
এর জেরে গত বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার ওই বৃদ্ধার বাড়িতে গিয়ে কৌশলে ঘরে প্রবেশ করেন। সেখানে হালিম ব্যাপারী প্রথমে বৃদ্ধাকে ধর্ষণ করেন এবং মাসুদ খন্দকার তার ভিডিও ধারণ করেন। এরপর মাসুদ খন্দকারও তাকে ধর্ষণ করেন।
পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে বৃদ্ধার কাছে দুই লাখ টাকা দাবি করেন আসামিরা। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়া হয়। পরে স্থানীয়ভাবে বিচার পেতে ব্যর্থ হয়ে বাধ্য হয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদালতের দ্বারস্থ হন ওই নারী।
এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘বিধবা বৃদ্ধা অশ্লীল ভিডিও ধারণ ও টাকা দাবির ঘটনায় থানায় অভিযোগ করেছিলেন। পুলিশ ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পেয়েছে। বৃহস্পতিবার ভুক্তভোগী বরিশাল আদালতে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
আরটিভি/এসএইচএম