images

দেশজুড়ে

ফরিদপুরে আগুনে পুড়ে ছাই কোটি টাকার সম্পদ

শুক্রবার, ০১ মে ২০২৬ , ১১:১৯ এএম

ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি স-মিলসহ আশপাশের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে ভাঙ্গা পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সীর মালিকানাধীন ‘রেখা হক স-মিল’-এ প্রথম আগুনের সূত্রপাত হয়। স-মিলে থাকা বিপুল পরিমাণ কাঠে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, ফলে মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

পরবর্তীতে আগুন পাশের একটি আইসক্রিম কারখানা ও সংলগ্ন চারতলা ভবনের অংশবিশেষে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

স-মিলের মালিক শহিদুল হক মিরু মুন্সী জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি বাসায় ছিলেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে তাঁর স-মিলে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এছাড়া আশপাশের কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরটিভি/টিআর