শুক্রবার, ০১ মে ২০২৬ , ০২:৪৬ পিএম
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকাল ১০টায় ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পতাকা ৭১ এলাকা ঘুরে পুনরায় কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়ে তোলা এবং শ্রমিকদের মানসিক ও শারীরিক সুস্থতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিক ও মালিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এ লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন তারা।
আরটিভি/এমএম