শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৩:৩৪ পিএম
রাঙামাটি শহরে নিজের চাচাতো ভাইয়ের বিরুদ্ধে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিশুটি তার নিজ বাসার সামনে অবস্থান করছিল। এ সময় তার চাচাতো ভাই মুন্না তাকে জোরপূর্বক তুলে নিজের ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে। নির্যাতনের পর শিশুটি নিজের ঘরে ফিরে গেলে তার বড় বোন শরীরে রক্ত দেখতে পায়। বোনকে সব কথা খুলে বলার পর স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পরপরই চিকিৎসা শুরু করা হয়। কিন্তু রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত মুন্না পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক বিশেষ দল অভিযান চালাচ্ছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
আরটিভি/টিআর