শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৪:২২ পিএম
মাদারীপুরের কালকিনিতে এসএসসি পরীক্ষায় প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল আরেফীন।
তিনি বলেন, উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রে দায়িত্ব পালনকারীদের অব্যাহতি দেওয়া হয়েছে।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন—কালকিনি সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব শ্যামা প্রসাদ পাল মিন্টু, গোপালপুর উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হল সুপার মো. নাসির উদ্দীন, কালিনগর ফাসিয়াতলা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ বৈরাগী এবং ক্রোকিরচর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ইজাজুল হক।
জানা গেছে, মঙ্গলবার (২৬ এপ্রিল) চলতি বছরের এসএসসি পরীক্ষার ভোকেশনাল শাখার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের পরীক্ষার দিন পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। এ ঘটনায় প্রশাসন তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পেলে সংশ্লিষ্ট চার শিক্ষককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল আরেফীন বলেন, প্রশ্ন বিতরণে অনিয়মের কারণে চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রশাসনের এ পদক্ষেপে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরটিভি/টিআর