images

দেশজুড়ে

রং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রংমিস্ত্রির মৃত্যু

শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৫:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাড়িতে রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেহেদী হাসান রাজ (২৩) নামে এক তরুণ রংমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রহনপুর বড়বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী রহনপুর পৌর এলাকার গম্বুজপাড়া মহল্লার বাসিন্দা কুড়ান আলীর ছেলে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতোই তিনি কাজ করছিলেন। কিন্তু মুহূর্তের অসতর্কতায় ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী কচি খানের বাড়িতে দেয়াল রংয়ের কাজ করছিলেন মেহেদী। দুপুর আনুমানিক ২টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত নেসকোর ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তারে তার হাত লেগে যায়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের মতে, অসচেতনতা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার কারণে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তারা ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরটিভি/টিআর