শুক্রবার, ০১ মে ২০২৬ , ০৫:৪০ পিএম
ভারতীয় পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক (ডাইভারশন) ভেঙে গেছে। এতে কসবা ও আখাউড়া উপজেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার হাজারো মানুষ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র পানির স্রোতে ডাইভারশনটি ভেঙে যায়।
জানা গেছে, কসবা উপজেলার বিনাউটির চাপিয়া গ্রামে একটি সেতুর নির্মাণকাজ চলমান রয়েছে। এ সময়ে যান চলাচল সচল রাখতে পাশেই অস্থায়ী ডাইভারশনটি নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। বর্তমানে আখাউড়া থেকে কসবা অথবা কসবা থেকে আখাউড়ায় যাতায়াত করতে হলে প্রায় ২৫ কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ডাইভারশনটি মেরামত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, পাহাড়ি ঢলে ডাইভারশনটি ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রশাসন অবগত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি মেরামত করে পুনরায় যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরটিভি/টিআর