images

দেশজুড়ে

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন

শুক্রবার, ০১ মে ২০২৬ , ১০:৫২ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিসিবি)-এর ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের একটি সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩০০ এমভিএ ২৩০/১৩২ কেভি ট্রান্সফরমারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রান্সফরমারের যান্ত্রিক ত্রুটি বা অতিরিক্ত তাপের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। সংশ্লিষ্ট ট্রান্সফরমারে প্রায় এক লাখ লিটার তেল মজুত ছিল, যা আগুনকে দ্রুত ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে প্রায় ৩০০ কোটি টাকার ট্রান্সফরমার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

আরও পড়ুন
TRUCK

ব্রিজের ওপর ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগ নিয়ে রহস্য

ঘটনার পর বিদ্যুৎকেন্দ্র ও গ্রিড উপকেন্দ্র এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলছে। 


আরটিভি/এসকে