শনিবার, ০২ মে ২০২৬ , ১০:৪৬ পিএম
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার একটি লবণমাঠে এ ঘটনা ঘটে।
নিহত সরোয়ার কামাল (৩৮), খারাংখালী নতুন পাড়ার বাসিন্দা নুরুল আলমের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, সরোয়ার কামাল নাফ নদীতে মাছ ধরে ফেরার পথে লবণ মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় তিনি বজ্রপাতে আক্রান্ত হলে লবণমাঠে লুঠিয়ে পড়েন। পরে পার্শ্ববর্তী লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার ডা. হাসান মিয়া বলেন, সরোয়ার নামে এক ব্যক্তিকে হেলথ কেয়ারে আনা হলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান।
হোয়াইক্যংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বিষয়টি নিশ্চিত করে জানান, সরোয়ার কামালের পরিবারে ১ ছেলে ও ২ মেয়ে রয়েছে। পারিবারিকভাবে রাতেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
আরটিভি/এমএ