images

দেশজুড়ে

বিদ্যুতের খুঁটিতে বেঁধে সাংবাদিককে হত্যার হুমকি নেতার

সোমবার, ০৪ মে ২০২৬ , ১০:২১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টকে কেন্দ্র করে নোয়াখালীর হাতিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব জিয়াউর রহমান ওরফে জিয়ার (৩৬) বিরুদ্ধে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী মো. মামুন উদ্দিন ওরফে মামুন রাফী (২৬) দীর্ঘদিন ধরে নোয়াখালী জেলায় সাংবাদিকতা করছেন। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ-এর নোয়াখালী জেলা প্রতিনিধি এবং দ্য ঢাকা নিউজ-এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

জিডি সূত্রে জানা গেছে, শনিবার (২ মে) দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় নিজ বাসায় অবস্থান করছিলেন রাফী। ওই সময় যুবদল নেতা জিয়া তার মুঠোফোন কল করেন। একপর্যায়ে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাফীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিদ্যুতের খুঁটিতে বেঁধে হত্যার হুমকি দেন। ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে রাফী চট্টগ্রামের চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন (জিডি নং- ১০৬)।

আরও পড়ুন
Web-Image---Copy

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫ হাজার গাঁজা গাছ জব্দ

ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি গুরুত্বসহকারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিয়াউর রহমান জিয়া বলেন, দুই দিন আগে সাংবাদিক রাফী তার ফেসবুক পোস্টে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিমকে নিয়ে মন্তব্য করেন। এ বিষয়ে জানতে একাধিকবার আমি তাকে ফোন দিয়েছি। তিনি ফোন রিসিভ করে নাই। একপর্যায়ে ফোন রিসিভ করে ফেলে রাখলে তাকে গালমন্দ করি।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, জিডির বিষয়টি খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে